বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি মাঠের বাইরেও মানবিকতায় হৃদয় জয় করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি ভেনিজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার—ভূমিকম্পে সে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল—বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তিনি চেয়েছিলেন তার প্রিয় ফুটবলার রোনালদোর অফিসিয়াল স্টিকার। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে তিনি পাঠান একটি ব্যক্তিগত ভিডিওবার্তা। বার্তায় রোনালদো বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতিমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। শুধু তাই নয়, রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন তিনি। এর আগে রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজও ভেনিজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন। রোনালদোর এই উদ্যোগ আবারও প্রমাণ করল, তার তারকাবোধের চেয়েও বড় তার মানবিক হৃদয়।



