সময় বাঁচাতে প্রেসার কুকার অনেকের কাছে একটি ভরসার নাম। বিশেষত চাকরিজীবী দম্পতিদের জন্য এটি দ্রুত রান্নার এক অসাধারণ মাধ্যম। তবে সব ধরনের খাবার প্রেসার কুকারে রান্না করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার কুকারে রান্না করলে শুধু তাদের স্বাদ ও গঠন নষ্ট হয় না, বরং পুষ্টিগুণও হ্রাস পায় এবং কিছু ক্ষেত্রে অস্বাস্থ্যকর যৌগ তৈরি হতে পারে।
যেসব খাবার প্রেসার কুকারে এড়িয়ে চলা উচিত, তার মধ্যে প্রথমেই রয়েছে কোমল সবজি—যেমন পালং শাক, লেটুস, জুচিনি বা ব্রোকলি। এই সবজিগুলো চুলায় খুব দ্রুত সেদ্ধ হয়, কিন্তু প্রেসার কুকারের অতিরিক্ত তাপ ও বাষ্প এগুলোর রং ও পুষ্টিগুণ নষ্ট করে দেয়। পাস্তা বা নুডলসও কুকারে রান্নার জন্য অনুপযোগী, কারণ এরা দ্রুত পানি শুষে নিয়ে দলা পেকে যায় বা অতিরিক্ত নরম হয়ে যায়।
সামুদ্রিক মাছ, যেমন স্যালমন, পমফ্রেট বা চিংড়ি, অল্প আঁচেই মিনিটের মধ্যে রান্না হয়। প্রেসার কুকারের উচ্চচাপে এগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে শক্ত ও শুষ্ক হয়ে যায়, ফলে মাছের আসল স্বাদ নষ্ট হয়। এদের স্টিম, গ্রিল বা হালকা ভাজায় রান্না করাই ভালো। এছাড়া দুগ্ধজাত খাবার—যেমন দুধ, ক্রিম, চিজ, ক্ষীর, কাস্টার্ড বা পনিরের তরকারি—কখনোই কুকারে দেওয়া উচিত নয়, কারণ উচ্চ তাপে এগুলো ফেটে যায় বা দলা পাকে। শেষত, বেক করা খাবার বা কেক কুকারে তৈরি করা ঠিক নয়, কারণ কুকার কখনো ওভেনের মতো শুষ্ক তাপ দিতে পারে না। তাতে কেক ঘন হয় এবং রুটি বা বিস্কুট খাস্তা হয় না।
সুতরাং দ্রুত রান্নার সুবিধা পেতে গিয়ে যেন খাবারের গুণাগুণ নষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকা জরুরি।



