যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, পাকিস্তান এবং নাইজেরিয়ার মতো প্রধান আন্তর্জাতিক বাজারগুলো থেকে শিক্ষার্থী ভর্তি ও নতুন আবেদন গ্রহণ সীমিত করছে। একইসঙ্গে অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে পূর্বের প্রদান করা কিছু ভর্তি অফারও প্রত্যাহার করে নিচ্ছে।
ভিসা প্রত্যাখ্যানের উচ্চ হার যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ‘স্টুডেন্ট স্পন্সরশিপ লাইসেন্স’-এর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন আশঙ্কার পরেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসার হার কমে যাওয়া বা রিজেকশন বাড়লে তা প্রাতিষ্ঠানিক লাইসেন্স সুরক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা বিশ্ববিদ্যালয়গুলো এড়াতে চাচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে উপরোক্ত দেশগুলোর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে পড়ল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের এই প্রবণতা সামগ্রিক উচ্চশিক্ষা খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



