এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য এলো সুসংবাদ। আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটার পেয়েছেন সুখবর। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ফিরেছেন সেরা দশে, আর ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ ব্যাটার সাইফ হাসান।
এশিয়া কাপে শেষ দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। বল হাতে নিয়েছেন ছয় উইকেট। তার এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তিনি র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে আবারও জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। বর্তমানে দলের পেস আক্রমণে মুস্তাফিজ অন্যতম ভরসার নাম।
অন্যদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে সাইফ হাসান ব্যাটিং র্যাঙ্কিংয়ে যেন বিস্ফোরণ ঘটিয়েছেন। এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৮১তম স্থানে।
বোলিংয়ে শেখ মাহেদীরও ছিল উজ্জ্বল পারফরম্যান্স। তার সাফল্যে তিনি তিন ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে। রিশাদ খান দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমেছেন। তাসকিন আহমেদ এক ধাপ নিচে নেমে আছেন ৩১তম স্থানে। তরুণ তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে, আর শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে গেছেন ৬৪ নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটারদের এই অগ্রগতি ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে নতুন অনুপ্রেরণা জোগাবে।



