ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা এবার আন্তর্জাতিক ক্রিকেটে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। ঘরোয়া লিগ আইপিএল ও পিএসএল স্থগিত হওয়ার পর এবার অনিশ্চয়তার মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিও। এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের নির্ধারিত সূচি পেছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের ২১ মে পাকিস্তানে পা রাখার কথা থাকলেও বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে সফরটি যথাসময়ে শুরু হওয়া কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুরুতে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করলেও পরে পুরো টুর্নামেন্টই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পিএসএলের ফাইনাল, যা এখন অনির্দিষ্ট। এই অচলাবস্থারই প্রভাব পড়েছে বাংলাদেশ সফরের ওপর।
বাংলাদেশ অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কিন্তু এরপর পাকিস্তানে নির্ধারিত সিরিজটি নির্ধারিত তারিখে শুরু হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে সিরিজ বাতিল হচ্ছে না বলেই আশ্বস্ত করছে পিসিবি।
পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানিয়েছেন, “সিরিজ শুরুর এখনও সময় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। আমরা সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী।”
পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। শুরুতে সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রাখার পরিকল্পনা থাকলেও, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে রূপান্তরিত করা হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে ভারত-পাকিস্তান রাজনৈতিক সমীকরণের দিকে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্ব যেমন মাঠে উত্তেজনা সৃষ্টি করে, তেমনি মাঠের বাইরেও ডেকে আনে অস্থিরতা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য বিলম্বকেও এই উত্তপ্ত পরিস্থিতিরই একটি স্বাভাবিক পরিণতি হিসেবে দেখা হচ্ছে।
তবে আশাবাদ রয়েছে—অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং রাজনীতির ছায়া সরিয়ে মাঠে ফিরে আসবে ক্রিকেটের সেই চেনা রূপ, যেখানে রাজত্ব করে শুধুই ব্যাট-বলের যুদ্ধ।



