কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর জের ধরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওজেকে) বিস্তৃত হামলা চালায়। এমন যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে অনেকেই ভাবছিলেন, ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল কি চালিয়ে যাওয়া সম্ভব হবে?
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করে জানিয়েছে, আইপিএল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা ভারতের জাতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘বর্তমানে আইপিএলের সময়সূচি বা ম্যাচ আয়োজন নিয়ে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সবকিছু আগের পরিকল্পনা অনুযায়ী চলবে।’
ভারতের সামরিক অভিযানে বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটসহ পাকিস্তানের চারটি এবং পিওজেকে-র পাঁচটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদ (JeM) ও লস্কর-ই-তইয়্যেবা (LeT)-র শীর্ষ নেতারা। এই অভিযানে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে অংশ নেয়।
তবে আইপিএলের ইতিহাস বলছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও এই প্রতিযোগিতা থেমে যায়নি। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে লিগ দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়েছিল। ২০১৪ সালে প্রথম ভাগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালেও আইপিএল আয়োজিত হয় আমিরাতে। তবে ২০২৩ সাল থেকে আবার ভারতের মাটিতে ফিরে আসে লিগ, এবং সেই ধারাই ২০২৫ সালেও বজায় রয়েছে।
এদিকে, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও, বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ হয়। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল গুজরাটের, আর রাহুল তেওটিয়া ও জেরাল্ড কোয়েটজির ব্যাটিংয়ে শেষ বল পর্যন্ত রোমাঞ্চ জিইয়ে রেখে জয় ছিনিয়ে নেয় দলটি।
এই জয়ে ১১ ম্যাচে ৮ জয় নিয়ে গুজরাট টাইটান্স ১৬ পয়েন্টসহ তালিকার শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই পরাজয়ে তাদের ছয় ম্যাচের টানা জয়ের ধারা ভেঙে গেছে।



