ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সশস্ত্র উত্তেজনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে আহ্বান জানিয়ে বুধবার (৭ মে) এক বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি ঢাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় উভয় দেশকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানানো হয়, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে বা উত্তপ্ত করতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বর্তমান উত্তেজনা প্রশমিত হবে এবং দীর্ঘমেয়াদে জনগণের কল্যাণে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতেই ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের দাবি, সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে।
জবাবে পাকিস্তান দাবি করে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি বিমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরেই ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এই হামলার দায় ইসলামাবাদের ওপর চাপায় দিল্লি। পরবর্তীতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত দুই সপ্তাহ পর পাকিস্তানে সরাসরি হামলা চালায়।



