ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে আগামী শুক্রবার (২৭ মার্চ)। বিশ্ববাজারে জ্বালানি সংকটের মধ্যে এটি ভারত থেকে পাইপলাইনে আসা ডিজেলের দ্বিতীয় চালান। পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে পাম্পিংয়ের মাধ্যমে সরবরাহ শুরু হয়েছে। আগামী ৬০ ঘণ্টার মধ্যে এই ডিজেল পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে। এর আগে ১৩ মার্চ প্রথম চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল।
ডিপো সূত্র জানিয়েছে, বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ২২ লাখ ১৫ হাজার লিটার, যা দিয়ে আগামী সাত দিন সরবরাহ সচল রাখা সম্ভব। নতুন চালান পৌঁছালে জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, ডিজেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এ ছাড়া আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে বিপিসি। ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে ভারত।



