ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট বিজেপি’ বলে। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তার এই ঘোষণা।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তব্য রাখেন বিজয়। সেখানেই তিনি বিজেপিকে ঘোষণা করেন ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে।
বিজয় তার বক্তৃতায় বলেন— “একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই— সিংহ।”
সমাবেশে তিনি আরও স্পষ্ট করে জানান, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে ‘গো অ্যালোন’ নীতি অনুসরণ করবে দল।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তার লক্ষ্য।
উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে থালাপতি বিজয়— প্রত্যেকেই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে



