ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ফর্মে রয়েছে। একের পর এক জয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছে তিনবারের শিরোপাধারীরা। এবার ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য তৈরি হয়েছে এক অনন্য সুযোগ—নিজেদের প্রিয় মেসিদের খেলা সরাসরি মাঠে দেখার। চলতি বছরেই প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বর মাসে কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, এ ম্যাচে মেসিও মাঠে নামবেন।
এএফএ জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের মাটিতে এক ম্যাচ খেলেই আর্জেন্টিনা দল পাবে বিশাল অঙ্কের অর্থ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় মাত্র এক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি টাকা আয় করবে।
এদিকে, মেসিদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দ্য হিন্দুর প্রতিবেদনে উঠে এসেছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। তবে আর্জেন্টিনা চাইছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০–এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে খেলতে। ফলে এখনো প্রতিপক্ষের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।



