২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’-এর সেমিফাইনালে ব্যাট-বলের লড়াই ছাড়াও মাঠে উত্তেজনার ঝড় বইতে থাকে। ভারতের পেসার হর্ষিত রানা অভিযোগ করেছেন, ম্যাচ চলাকালীন বাংলাদেশি খেলোয়াড়রা ভারতীয়দের উদ্দেশে প্রচুর গালিগালাজ করেন, যার মধ্যে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারও ছিলেন।
কলম্বোয় অনুষ্ঠিত ওয়ানডে সংস্করণের এই ম্যাচে আগে ব্যাট করে ২১১ রানে অলআউট হয় ভারত ‘এ’। জবাবে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ৫১ রানে হার মানে বাংলাদেশ ‘এ’। সম্প্রতি জনপ্রিয় ইউটিউব পডকাস্ট টিআরএস ক্লিপস-এ হর্ষিত জানান, “ভারত–বাংলাদেশ ম্যাচ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সেদিন আমরা যখন ব্যাট করছিলাম, তখন থেকেই ওরা প্রচুর গালি দিচ্ছিল। যশ ধুল আর আমি উইকেটে থাকাকালীনই প্রচণ্ড গালি শুনেছি।”
তিনি আরও বলেন, ম্যাচ চলাকালীন সৌম্য সরকারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। “আমি নিজের মতো উল্লাস করছিলাম, তখন সে আমাকে কিছু বলল, সেখান থেকেই শুরু হয় ঝগড়া। ওদের দলে বাঁহাতি স্পিনারও অনেক গালি দিয়েছিল,” মন্তব্য করেন হর্ষিত। সেই ম্যাচে বাংলাদেশের একমাত্র বাঁহাতি স্পিনার ছিলেন রাকিবুল হাসান।
ভারতের কোচ সিতাংশু কোটাক নাকি খেলোয়াড়দের শান্ত থাকতে বলেন এবং ম্যাচ জিতেই জবাব দেওয়ার পরামর্শ দেন। ম্যাচ শেষে দুই দলের মধ্যে আর কোনো কথা হয়নি বলে জানান হর্ষিত, শুধু রেফারির সঙ্গে তাদের কথা হয়েছিল। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও একই দলের কিছু খেলোয়াড়ের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
এই অভিযোগে বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



