ভারতীয় ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয় এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং উন্মুক্ত করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে। আইভ্যাক জানিয়েছে, প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে বুক করা যাবে। তবে স্লট বুক করতে হলে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব ধাপ শেষ না করলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।
এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে দেওয়া হবে এবং আগামী রবিবারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে। আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ না করার জন্যও সতর্ক করেছে সংস্থাটি।
নতুন সিস্টেমে সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করা বাধ্যতামূলক। সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে সাইনআপ প্রক্রিয়া শেষ হবে।
সাইনআপের পর আবেদনকারী মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন। লগইনের পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।



