বৃহস্পতিবার (২৩ এপিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগের জরুরি নির্দেশনা জারি করেছে ভারত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আগাম সতর্কতা জারি করা হয়েছে বলে নয়াদিল্লি সূত্রে জানানো হয়েছে।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আকাশপথের অনিশ্চয়তা বিবেচনা করে নাগরিকদের এই সতর্কতা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো
ভারতীয় নাগরিককে ইরান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে মানা করা হয়েছে। আকাশপথ কিংবা স্থলপথ কোনো মাধ্যম ব্যবহার করেই নতুন করে দেশটিতে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা ব্যবহারে যে বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নিরাপত্তা ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত সরকার তার নাগরিকদের জীবনের নিরাপত্তাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এই অঞ্চলে সংঘাতের আঁচ বাড়তে শুরু করলে ভারত সরকার পর্যায়ক্রমে বেশ কয়েকটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছিল।



