প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েই দারুণ পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ভারতকে ৩–১ গোলে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে আসর শুরু করেছে সাবিনা-কৃষ্ণারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ।
এর আগে মালদ্বীপকে ১১–১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। কিন্তু সেই দলটিকেই প্রথমার্ধেই চাপে ফেলে বাংলাদেশ। সপ্তম মিনিটে দারুণ এক গোছানো আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে এক-দুই খেলায় ডান দিক দিয়ে ঢুকে পড়ে নিখুঁত টোকায় জাল কাঁপান তিনি। ত্রয়োদশ মিনিটে আবারও সাবিনা-কৃষ্ণা জুটির বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। কৃষ্ণার ডান দিক থেকে দেওয়া কোনাকুণি পাস গোলমুখে ঠিকঠাক কাজে লাগান সাবিনা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া, যা বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়। শেষ দিকে একটি গোল শোধ করলেও ব্যবধান কমাতে পারেনি ভারত।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট সাতটি দল। প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়নের মুকুট পরবে। আসরে নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
উল্লেখ্য, সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপেও ভালো শুরু করেছে বাংলাদেশ। আগের দিন নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪–৪ গোলে ড্র করে ছেলেরা। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পুরুষ দল।



