বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য দুশ্চিন্তার খবর নিয়ে এলেন মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আগামী মার্চের শেষভাগে জাতীয় দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকলেও হাঁটুর চোটের কারণে আপাতত মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সেরে উঠতে তার আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। চোটের তীব্রতায় তিনি মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগির হামজাকে দলে ফেরানো সম্ভব হচ্ছে না এবং তার হাঁটুর বিস্তারিত স্ক্যান করানো হবে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল (MCL) ইনজুরিতে ভুগছেন। সাধারণত এই ধরনের চোটে একজন ফুটবলারের ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, এই মুহূর্তে তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ার সম্ভাবনা কম।
লেস্টার সিটি তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া পরিচালনা করলেও হামজার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বল্প সময়েই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতি জাতীয় দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হয়।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। যদিও বাংলাদেশ আগেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে।
অন্যদিকে ক্লাব ফুটবলেও লেস্টার সিটির অবস্থা বেশ নাজুক। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের পর সেখানেও ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না দলটি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে হামজা চৌধুরীর দীর্ঘ অনুপস্থিতি লেস্টারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।



