রান্নায় স্বাদ ও সুঘ্রাণ বাড়াতে এলাচের জুড়ি নেই। তবে কেবল মসলা হিসেবেই নয়, ঔষধি গুণাগুণের দিক থেকেও এলাচ অনন্য। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এলাচ ভেজানো পানি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণসহ অন্তত পাঁচটি জটিল শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
স্বাস্থ্য গবেষকরা বলছেন, এলাচের পানি শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে অত্যন্ত কার্যকর। এটি শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া যারা দীর্ঘদিনের গ্যাস ও এসিডিটির সমস্যায় ভুগছেন, তাদের জন্য এলাচ পানি একটি প্রাকৃতিক মহৌষধ। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পেট ফাঁপা ও অস্বস্তি দূর করে। প্রাকৃতিক ‘মাউথ ফ্রেশনার’ হিসেবে এলাচ মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে দুর্গন্ধ দূর করতেও কার্যকরী ভূমিকা রাখে।
প্রস্তুত ও সেবন প্রণালি: এলাচ পানির পূর্ণ উপকার পেতে রাতে এক গ্লাস পানিতে ৪ থেকে ৫টি গোটা এলাচ ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন। কার্যকরী ফলাফলের জন্য পানি পানের পরবর্তী এক ঘণ্টা অন্য কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত এই অভ্যাস জীবনযাত্রায় যোগ করলে হজম সমস্যা ও রক্তচাপের দুশ্চিন্তা থেকে প্রাকৃতিকভাবে মুক্তি পাওয়া সম্ভব।



