২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের শেষ দুই বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে না ভিনিসিয়ুস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে প্রাথমিক স্কোয়াডেই রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের অনুপস্থিতির কারণ দুই দিক থেকে এসেছে—একদিকে শাস্তি, অন্যদিকে টেকনিক্যাল সিদ্ধান্ত। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে তৃতীয় হলুদ কার্ড দেখায় তিনি স্বয়ংক্রিয়ভাবে ৪ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান। এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষেও তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬০টিরও বেশি ম্যাচ খেলা ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়াকে ইতিবাচকভাবেই দেখছে ব্রাজিল শিবির। এদিকে ইনজুরি থেকে ফিরে রদ্রিগো ও এদার মিলিতাও আবারও জায়গা করে নিয়েছেন আনচেলত্তির দলে। বিশেষ করে দ্বিতীয়বার ক্রুশিয়েট লিগামেন্ট সার্জারির পর মিলিতাওর ফেরা স্বস্তি এনে দিয়েছে ব্রাজিলকে। সম্প্রতি তিনি অস্ট্রিয়ান ক্লাব তিরোলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন।
এ ছাড়া জোর গুঞ্জন আছে, নেইমারও ফিরতে পারেন দলে। আগামী সোমবার, ২৫ আগস্ট ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প। ইতোমধ্যেই বাছাইপর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল তাদের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে।



