তরুণ দর্শকদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ১৪তম চ্যাপ্টারে যুক্ত হচ্ছে নতুন টুইস্ট। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গ-এ মুক্তি পেতে যাওয়া এই পর্বে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত, এবং সুনেহরা তাসনিমকে।
গল্পের ঘটনাপ্রবাহে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত ফ্ল্যাটে হাজির হবেন রাফসান ও সুনেহরা। তবে তারা ঠিক কোন ভূমিকায় থাকবেন বা গল্পে কী ধরনের পরিবর্তন আনবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। নির্মাতারা বিষয়টি আপাতত গোপন রেখেছেন, ফলে নতুন এই অতিথি চরিত্র ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মাঝে অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে বিরতিতে ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। সুস্থ হয়ে ১৩তম চ্যাপ্টারের মাধ্যমে কাজে ফিরেছেন তিনি। এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বেশি বিনোদন ও নতুন চমক থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।



