দুর্দান্ত বোলিং করে সিডনি সিক্সার্সের রানের গতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিলেন রিশাদ হোসেন। তার কার্যকর স্পেলেই বড় সংগ্রহ গড়তে পারেনি সিডনি। তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় শেষ পর্যন্ত সব প্রচেষ্টা বৃথা যায়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিগ ব্যাশ লিগের চ্যালেঞ্জার ম্যাচে সিডনির কাছে ৫৭ রানে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় হোবার্ট হারিকেন্সের।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট ১৭.২ ওভারেই গুটিয়ে যায় ১৪১ রানে। বল হাতে রিশাদ ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল পারফরমার। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮ বলে একটি ছক্কাসহ করেন ১১ রান। সব মিলিয়ে এবারের আসরে ১১ ম্যাচে তার শিকার ১৫ উইকেট।
পাওয়ার সার্জের সময় দেড়শর বেশি স্ট্রাইকরেটে ফিফটি করা স্টিভেন স্মিথ ও দুইশর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করা মইসেস হেনরিকসকে আউট করে সিডনির রানের গতি থামান রিশাদ। যদিও একটি ওভারে ১৫ রান দেন তিনি, তবুও সামগ্রিকভাবে ছিলেন সবচেয়ে কার্যকর বোলার। এমনকি ১৭তম ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত না হলে আরও একটি উইকেট পেতেও পারতেন এই লেগ স্পিনার।
টস হেরে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৯৮ রান। ৪৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন স্টিভেন স্মিথ। জোয়েল ডেভিস (২৭) ও লাচলান শ (২১)ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হোবার্টের হয়ে রিশাদ ছাড়াও রাইলি মেরেডিথ ৩টি ও বিলি স্টানলেক ২টি উইকেট নিলেও দুজনই ছিলেন বেশ খরুচে। ব্যতিক্রম ছিলেন নিখিল চৌধুরী, যিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দেন।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থ হয় হোবার্ট। বেন ম্যাকডরমেটের ৪০ রান ছাড়া আর কেউ লড়াই গড়ে তুলতে পারেননি। রানের গতি ছিল মন্থর, সঙ্গে দ্রুত উইকেট পতনে আগেভাগেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৭ উইকেট হারানোর পর নামা রিশাদের ছোট ইনিংসেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৭তম ওভারের দ্বিতীয় বলেই থামে হোবার্টের ইনিংস।
এই জয়ে আগামী ২৫ জানুয়ারি বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স।



