বৃহস্পতিবার প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল ‘এই অবেলায়-২’। শিরোনামহীনের ২০১৯ সালে প্রকাশিত প্রথম গানটি ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তোলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন গানটি ব্যান্ডটির আসন্ন অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ ট্র্যাক হিসেবে প্রকাশ করা হবে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ও ইংরেজি—দুটি সংস্করণেই প্রকাশ পাবে গানটি। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘Remember Me’। বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই উন্মুক্ত হবে।
গানটির কথার রচয়িতা শিরোনামহীনের দলনেতা ও বেজিস্ট জিয়াউর রহমান, যিনি প্রথম গানটিও লিখেছিলেন। সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি ভাষান্তর করেছেন রেশ রহমান। ‘এই অবেলায়-২’ সম্পর্কে জিয়াউর রহমান জানান—প্রথম গানটির বিপুল শ্রোতাপ্রিয়তাই সিক্যুয়েল তৈরির অনুপ্রেরণা। তিনি বলেন, “‘হাসিমুখ’-এর মতোই ‘এই অবেলায়’-এর জন্য শ্রোতাদের ভালোবাসা আমাদেরকে গানটির দ্বিতীয় পর্ব ‘বাতিঘর’ অ্যালবামে যুক্ত করতে উৎসাহিত করেছে।”
গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম দ্বীপ কো খাম, কো মাখ এবং কো চ্যাং-এ। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক নীল হুরেরজাহান। নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।



