
রোমানিয়ার রাজধানী Bucharest-এ বিশ্বব্যাপী আলোচিত এক অনন্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে, যেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত তরুণ-তরুণীরা আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটে নজর কেড়েছেন। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি ছিল সৌন্দর্যের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার এক শক্তিশালী উদ্যোগ।
“SEEN Anonymous Seamstresses Gala” নামের এই আয়োজনে অংশ নেন কয়েক ডজন মডেল, যাদের জন্য দেশজুড়ে প্রায় ৫০ জন ডিজাইনার আলাদা করে পোশাক তৈরি করেন—তাদের অনেকেই আগে কখনও মডেলদের সঙ্গে সরাসরি দেখা করেননি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মডেলদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং তথাকথিত “অস্বাভাবিক সৌন্দর্য” বা ভিন্নধর্মী সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ তুলে ধরেন। র্যাম্পে তাদের উপস্থিতি শুধু একটি ফ্যাশন শো নয়, বরং ছিল সামাজিক সচেতনতা ও অন্তর্ভুক্তির এক শক্তিশালী বার্তা।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ডাউন সিনড্রোম নিয়ে ভুল ধারণা দূর করতে সহায়ক এবং তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আত্মমর্যাদা বৃদ্ধি ও সমাজে সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বিশ্ব ডাউন সিনড্রোম দিবস মূলত এই বার্তা বহন করে—ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের সমান অধিকার, সম্মান ও সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই ফ্যাশন শো সেই বার্তাকে আরও জোরালোভাবে বিশ্বদরবারে তুলে ধরেছেন।
