বিশ্বজুড়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। এমন সুখবর দিয়েছেন ইউটিউবের শীর্ষ আয়কারী ও বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামেই বেশি পরিচিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, তার জনপ্রিয় এই রিয়েলিটি শোতে এবার বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য অংশগ্রহণ উন্মুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশিদের জন্যও খুলে গেছে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার স্বপ্নের দরজা।
মিস্টার বিস্ট তার ফেসবুক পেজে ‘বিস্ট গেমস সিজন থ্রি’র ঘোষণা দিয়ে জানান, এই প্রতিযোগিতায় অংশ নিলে সর্বোচ্চ ৫০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা জেতার সম্ভাবনা রয়েছে। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, প্রতিযোগিতার জন্য বিশ্বব্যাপী কাস্টিং শুরু হয়েছে এবং যে কোনো দেশের প্রতিযোগী এতে অংশ নিয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিরাও এবার এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। পাশাপাশি থাকতে হবে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর। আবেদনকারীকে আন্তর্জাতিক ভ্রমণের যোগ্য হতে হবে এবং দীর্ঘ সময় বিদেশে অবস্থানের মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকতে হবে।
প্রতিযোগীদের চূড়ান্ত পর্বে বাছাইয়ের জন্য একাধিক ধাপে সংক্ষিপ্ত তালিকা করা হবে। আয়োজকদের ধারণা অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন প্রক্রিয়া ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হতে পারে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিতব্য শুটিংয়ে প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর চ্যালেঞ্জ, তীব্র প্রতিযোগিতা এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার দুর্লভ সুযোগ।



