বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল পরিচালক পদে মনোনয়ন গ্রহণের দিন। সেই সকাল থেকেই মুখর ছিল মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ।
দিনব্যাপী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ শেষে জানা যায়, তিন ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নেন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেট থেকে ৩ জন, রংপুর থেকে ৬ জন এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী রয়েছেন।
অন্যদিকে, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এ ছাড়া ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন প্রার্থী।
পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি-২ থেকে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিচ্ছেন। একই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এছাড়া আমিনুল ইসলাম বুলবুল মনোনয়ন নিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। তবে নির্বাচন কমিশন এখনও বিস্তারিত প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। এ ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।
ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর বিশ্ববিদ্যালয় ও সংস্থা মিলে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। শেষ পর্যন্ত নির্বাচিত ২৫ পরিচালক ভোট দিয়ে ঠিক করবেন বিসিবির সভাপতি।



