করপোরেট অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব এবং নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে এ বিষয়ে চিঠি পাঠায়।
রুবাবা দৌলা এনএসসির মনোনয়নে দুই পরিচালকের একজন হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। গত মাসে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন রুবাবা। পাশাপাশি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বেই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত ছিল, যা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন রুবাবা দৌলা। করপোরেট ক্যারিয়ারের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।



