মেক্সিকোর পুয়েবলা শহরে তৈরি হলো এক অবিশ্বাস্য দৃশ্য— মাইলের পর মাইল জুড়ে কেবল সাজানো রুটির সারি। ঐতিহ্যবাহী ‘রোসকা দে রেয়েস’ বা থ্রি কিংস ব্রেড উৎসবকে কেন্দ্র করে শহরটি তৈরি করেছে প্রায় ৬ হাজার মিটার বা ৬ কিলোমিটার দীর্ঘ একটি রুটি, যা আগের সকল বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক আন্দ্রেস রোজাস টোলেডোর উপস্থিতিতে এই বিশাল রুটিটি পরিমাপ করা হয়। জানা গেছে, প্রায় ১৯ হাজার ১০টি ছোট ছোট রুটির টুকরো একত্রে জুড়ে দিয়ে এই অভাবনীয় কীর্তিটি গড়েছেন স্থানীয় রুটি কারিগররা।
খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী, যিশুর জন্মের পর তিন জ্ঞানী ব্যক্তির আগমনের স্মৃতিতে প্রতি বছর ৬ জানুয়ারি এই উৎসব পালন করা হয়। মেক্সিকোর সংস্কৃতিতে এই রুটির বিশেষ তাৎপর্য রয়েছে; রুটির ভেতরে যিশুর ছোট ছোট প্লাস্টিকের প্রতিকৃতি লুকিয়ে রাখা হয়। প্রথা অনুযায়ী, যার রুটির টুকরোয় সেই প্রতিকৃতি পাওয়া যায়, তাকে আগামী ২ ফেব্রুয়ারি মোমবাতি দিবসের ভোজে অংশ নিতে হয়। পুয়েবলার মেয়র হোসে চেদ্রাউই এই বিশাল সফলতার জন্য স্থানীয় কারিগরদের ধন্যবাদ জানিয়েছেন। রুটির তাজা সুবাস আর হাজারো মানুষের উল্লাসে মেক্সিকোর এই আয়োজনটি এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়ে পরিণত হয়েছে।



