পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, সৌদি প্রো-লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে একটি। সম্প্রতি আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের পর এমন সাহসী মন্তব্য করেন ৪০ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে খেলবেন রোনালদো, তখন তার বয়স হবে ৪২ বছর।
চুক্তি নবায়নের পর রোনালদো বলেন, ‘আমার বিশ্বাস, আমরা ইতোমধ্যে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হয়ে উঠেছি। লিগটি প্রতিনিয়ত উন্নতি করছে, প্রতিযোগিতামূলক হচ্ছে। যারা কখনো সৌদি লিগে খেলেনি, তারাই বলে এটা বড় কিছু নয়। আমি আমার কথার প্রতি ১০০ ভাগ আস্থাশীল।’
বিশ্বকাপ স্বপ্ন ও ব্যক্তিগত লক্ষ্য
সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায়ও ভীষণ রোমাঞ্চিত রোনালদো। তার ভাষায়, ‘আমি এখানে শুধু দুই বছরের জন্য আসিনি। আমি এই প্রকল্পে বিশ্বাস করি—বিশেষ করে ২০৩৪ সালের বিশ্বকাপ, যা আমার বিশ্বাস, ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে।’
রোনালদো আল-নাসরে যোগ দেন ২০২২ সালের শেষদিকে। এখন পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে না পারলেও, নতুন মৌসুমে সাফল্যের আশা করছেন তিনি। ‘আমার লক্ষ্য সবসময়ই কিছু বড় জেতা। আমি বিশ্বাস করি, এবার আল-নাসরের হয়ে আমি চ্যাম্পিয়ন হবো।’
হাজার গোলের দিকে রোনালদো
রোনালদোর গোলসংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ৯৩২-এ—এর মধ্যে ক্লাব ফুটবলে ৭৯৪টি এবং জাতীয় দলের হয়ে ১৩৮টি। ফুটবল ইতিহাসে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে তিনি আর খুব একটা দূরে নন।
বিশ্রাম আর জাতীয় দলের দায়বদ্ধতা
যদিও ক্লাব বিশ্বকাপে আল-নাসর খেলছে না, তবে রোনালদোকে ঘিরে নানা গুঞ্জন ছিল। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেছিলেন, রোনালদোর জন্য বিকল্প পরিকল্পনা রয়েছে। তবে রোনালদোর জবাব ছিল পরিষ্কার: ‘আমি বিশ্রাম নেওয়াটাকেই সঠিক মনে করেছি। দীর্ঘ মৌসুম, বিশ্বকাপের বছর—আমি চাই ক্লাব ও জাতীয় দলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে।’
জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করে শিরোপা এনে দিয়েছেন দেশকে। নিজেকে গর্বিত মনে করছেন রোনালদো এবং জানিয়েছেন, ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনও অপরিবর্তিত। ‘এই ক্লাবকে আমি ভালোবাসি, তাই তো চুক্তি বাড়ালাম।’



