২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। ‘দ্য মুসলিম ৫০০: ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তিনি অবস্থান করেছেন ৫০তম স্থানে।
তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি শেখ মুহাম্মদ তাকি উসমানি, আর তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়, আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. আহমদ আল-তায়্যিব, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ইসলাম বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্ম, যার অনুসারী প্রায় ২০০ কোটিরও বেশি—বিশ্ব জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। দেশ, জাতি ও সংস্কৃতিতে বৈচিত্র্য থাকলেও মুসলিমরা বিশ্ব মুসলিম উম্মাহর অংশ হিসেবে এক সুতোয় বাঁধা। বর্তমানে বিশ্বের ৫৬টি মুসলিমপ্রধান দেশ রয়েছে, এবং মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ এশিয়া অঞ্চলে বাস করে।
উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতি বছর রাজনীতি, ধর্ম, সমাজসেবা, অর্থনীতি, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করে আসছে।



