দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তার স্বীকৃতি পেল ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন মুভি ডাটাবেজ আইএমডিবির (IMDb) সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায়। সেখানে ৪৪তম স্থানে রয়েছে ‘বরবাদ’, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বড় অর্জন।
চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া একাধিক সিনেমার মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ দর্শকমহলে আলোচনার কেন্দ্রে ছিল। তবে ব্যবসায়িক দিক থেকে এগিয়ে রয়েছে ‘বরবাদ’। ঈদের ১৭ দিন পরেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি চলছে হাউজফুল শো নিয়ে। শিগগিরই এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে।
আইএমডিবির তালিকায় ‘বরবাদ’-এর উঠে আসাকে গর্ব হিসেবে দেখছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, “জনপ্রিয় সিনেমার তালিকায় আমাদের সিনেমা ৪৪ নম্বরে—এটা আমাদের জন্য আনন্দের, গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশি সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে, আইএমডিবির মতো প্ল্যাটফর্মে স্বীকৃতি পাচ্ছে। এর মানে, আমাদের ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে।”
আইএমডিবি চার্ট অনুযায়ী, জনপ্রিয় সিনেমার তালিকায় প্রথম স্থানে রয়েছে হলিউডের ‘A Minecraft Movie’। একই তালিকায় স্থান পেয়েছে ‘Snow White’, ‘Anora’, ‘Superman’, ‘Mission: Impossible – Dead Reckoning’, ‘Sikandar’ প্রভৃতি আলোচিত ছবি। এর মাঝেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘বরবাদ’, যার রেটিং ৭.৪।
উল্লেখ্য, আইএমডিবি পরিচালিত হয় অ্যামাজনের অঙ্গপ্রতিষ্ঠান IMDb.com Inc. দ্বারা, যা বিশ্বব্যাপী সিনেমা ও টিভি কনটেন্টের রেটিং ও তথ্যভাণ্ডারের জন্য সুপরিচিত।



