অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করেছে সেলেসাওরা। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই যুব দল।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিল তিন ম্যাচে দুটি হেরেছে এবং একটি ড্র করেছে। মরক্কোর বিপক্ষে ২-১, স্পেনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় তারা। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে মাত্র এক পয়েন্টে গ্রুপের শেষ স্থানে অবস্থান নেয় ব্রাজিল। তিন ম্যাচে তারা মোট তিন গোল করলেও হজম করেছে পাঁচটি গোল। গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন—এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে।
স্পেনের বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক ফ্রান গনজালেসের অসাধারণ সেভে একাধিক সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেন এগিয়ে যায়। আক্রমণভাগের দুর্দান্ত পাস বিনিময়ের পর ব্রাভোর নিখুঁত ফিনিশিংয়ে একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে স্পেন।
এরপর ব্রাজিল মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায়। রুয়ান গ্যাব্রিয়েল ও লুইগি দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে রামোন মেনেজেসের শিষ্যদের বিদায় নিতে হয় গ্রুপ পর্বেই। ফলে চিলিতে অনুষ্ঠিত ২৪ দলের এই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্যর্থতার তিক্ত স্বাদ নিয়েই ফিরতে হচ্ছে সেলেসাওদের।



