আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এই আসর উপভোগ করতে অপেক্ষা করছেন। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)-এর কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কিনছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর এই মিডিয়া স্বত্ব কিনতে সরকারের খরচ হবে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
প্রস্তাবটি রোববার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের ফুটবলপ্রেমীরাও কোনো ক্যাবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন, যা সাধারণ মানুষের মধ্যে খেলার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



