বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের বর্তমান আসর। ইতোমধ্যেই অংশগ্রহণকারী বিভিন্ন দল বাংলাদেশে এসে পৌঁছেছে, আর বিশ্বকাপ শুরু হতে বাকি নেই খুব বেশি সময়। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঘোষণা করেছে জাতীয় নারী দলের চূড়ান্ত স্কোয়াড।
সাধারণত বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দল ঘোষণার অনুষ্ঠানে অধিনায়ক ও কোচ উপস্থিত থাকেন। তবে চলমান বিকেএসপি ক্যাম্পের কারণে এবারের সংবাদ সম্মেলনে দলনেত্রী ও কোচ অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
প্রথমে ১৪ দেশের অংশগ্রহণ নিশ্চিত হলেও শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১টি দেশ। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা অংশ না নেওয়ায় স্ট্যান্ডবাই তালিকায় থাকা পোল্যান্ড ও পাকিস্তানের সুযোগ ছিল। পাকিস্তান না এলেও পোল্যান্ড অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণকারী দলগুলোর স্থানীয় আবাসন ও যাতায়াতের দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করছে।
বাংলাদেশের চূড়ান্ত দল হলো— শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ পারভীন মালেকা এবং আরদুজ্জামান।



