বলিউডের জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সেই ছোট্ট চরিত্র ‘মিলিমিটার’—যার সংক্ষিপ্ত উপস্থিতি ও প্রাণবন্ত হাসি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল, তিনি আবারও আলোচনায়। দীর্ঘ বিরতির পর সেই পরিচিত মুখকে ঘিরে এবার এসেছে এক সুখবর—বিয়ে করেছেন ‘মিলিমিটার’ খ্যাত অভিনেতা রাহুল কুমার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাহুল কুমারের জীবনের সঙ্গী হয়েছেন তুরস্কের নাগরিক কেজিবান ডোগান। সম্প্রতি তাদের বিয়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
দিল্লিতে এক ফটোগ্রাফারের তোলা ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে দেখা যায় রাহুল ও কেজিবানকে। সেখান থেকেই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
অভিনেতার স্ত্রী কেজিবান ডোগান জানিয়েছেন, তাদের প্রেমের সূচনা হয়েছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমাকেই ঘিরে। তিনি বলেন, “আমি যখন সিনেমাটি দেখি, তখনই রাহুলকে মেসেজ করি। সে তখন সিনেমায় ‘মিলিমিটার’ চরিত্রে অভিনয় করেছিল—মনে আছে? সেখান থেকেই আমাদের কথা শুরু হয়। সেটা প্রায় ১৪ বছর আগের কথা।” অর্থাৎ, সিনেমাটিই তাদের প্রেমের প্রথম সেতুবন্ধন হয়ে উঠেছিল।
রাহুল কুমার ও কেজিবান ডোগান চলতি বছরের ৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি, যখন তাদের বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বর্তমানে ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন সর্বত্র।



