রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ সময় ভবনটিতে স্কুলের জুনিয়র শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ঘটনার বর্ণনায় কলেজের শিক্ষক রেজাউল ইসলাম জানান, “ছুটির আগ মুহূর্তে, যখন ক্লাস প্রায় শেষের দিকে, তখনই হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান সরাসরি আমাদের জুনিয়র সেকশনের ভবনের ওপর আছড়ে পড়ে।”
তিনি বলেন, “ওই ভবনে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। বিমানটি ভবনের ওপর পড়েই বিকট বিস্ফোরণ হয় এবং গেটের কাছেই গর্ত তৈরি হয়ে আগুন ধরে যায়।”
ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিধ্বস্ত বিমানের ভিডিও। ভিডিওতে দেখা যায়, স্কুলের বাগানের পাশে অবস্থিত ভবনের নিচতলায় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে আছে, এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। একই সঙ্গে ভবনের অন্যান্য তলা থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।



