বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে না হতেই আবারও দেখা দিল নতুন বিতর্ক। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নানা প্রশাসনিক ও আয়োজনগত জটিলতা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রায়ই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট হলে অংশ নেবে না ফরচুন বরিশাল।
গত ১২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের দ্বাদশ আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করেছে। ২৮ অক্টোবরের পর আবেদন যাচাই করে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর মাসে বিপিএল অনুষ্ঠিত হলে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, স্বল্প সময়ের মধ্যে বাজেট ও প্রয়োজনীয় অর্থসংস্থান জোগাড় করা তাদের জন্য কঠিন। তবে আগামী বছর যদি নতুন সময়সূচিতে বিপিএল আয়োজিত হয়, তাহলে বরিশাল অংশ নিতে প্রস্তুত থাকবে।
এর আগে একই বক্তব্যে তিনি ক্রিকবাজকে বলেন, টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় ফরচুন বরিশাল বিপিএল গভর্নিং কাউন্সিলকে সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। দল গঠন, খেলোয়াড় নিশ্চিতকরণ এবং অন্যান্য লজিস্টিক বিষয় অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব নয় বলেও জানান তিনি।
মিজানুর রহমান বলেন, “আমাদের যদি খেলোয়াড় থাকেও, তারপরও অর্থসংস্থান, সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—সব মিলিয়ে এই এক থেকে দেড় মাসে সবকিছু সম্পন্ন করা সম্ভব নয়। আমরা আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময় পরিবর্তন করা হয়, তাহলে আমরা অবশ্যই খেলব, কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম এবং এখনো আছি।”
এখন দেখা যাক, বিপিএল আয়োজকরা কি ফরচুন বরিশালের অনুরোধ বিবেচনা করে সময়সূচি পরিবর্তন করে, নাকি তাদের ছাড়াই অনুষ্ঠিত হয় এবারের বিপিএল আসর।



