বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট দেখিয়েছে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। আমেরিকার সিনেমা বাজারে নতুন এক মাইলফলক তৈরি করে মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সিনেমাটির হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, দর্শকদের প্রবল আগ্রহের কারণেই প্রেক্ষাগৃহের সংখ্যা এভাবে অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হওয়ার পর বিদেশের মাটিতেও ‘দম’ তার দাপট বজায় রেখেছে।
সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং সেখানে প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রবাসীদের পাশাপাশি সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলাম। দর্শকরা সিনেমাটির ভিজ্যুয়াল, গল্প ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অনেক দর্শকই মন্তব্য করেছেন যে, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক। দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত রেদওয়ান রনি বলেন, যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙ্ক্ষা সবার মাঝে আছে, সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। দর্শকরা ‘দম’–কে জিতিয়েছেন। উল্লেখ্য, রেদওয়ান রনির পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।



