আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ, নগদ ও রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় অবৈধ অর্থের ব্যবহার ও প্রভাব কমাতে সব ধরনের ব্যক্তিগত বা পারসোনাল এমএফএস অ্যাকাউন্ট থেকে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজন বিবেচনায় গ্রাহকদের মধ্যে ‘সেন্ড মানি’ সুবিধা চালু থাকবে, যদিও এতে কঠোর সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সীমা অনুযায়ী, একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। দিনে সর্বোচ্চ ১০ বার এই লেনদেন করা যাবে। অর্থাৎ, একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি পাঠাতে পারবেন।
ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ থাকলেও, এই সময়ে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ (বিদ্যুৎ, গ্যাস ও পানি), অনলাইন ও অফলাইন কেনাকাটার পেমেন্ট স্বাভাবিকভাবে চালু থাকবে। এসব সেবার ক্ষেত্রে নতুন কোনো সীমা বা অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, সরকারি জরুরি সেবার ফি এবং অন্যান্য প্রয়োজনীয় বিল পরিশোধও আগের নিয়মেই করা যাবে।



