বলিউড সুপারস্টার সালমান খানের স্বাভাবিক জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। সিনেমার শুটিং হোক বা কোনো ছবির মুক্তি—প্রতিটি ক্ষেত্রেই তাকে ঘিরে থাকে কড়া নিরাপত্তার বলয়। এসব নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-আতঙ্কের মধ্যেই এবার সামনে এসেছে এক বিস্ময়কর খবর—নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন ‘ভাইজান’ খ্যাত এই তারকা।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি ভিলেজ এলাকায় অবস্থিত ছিল সালমান খানের ওই ফ্ল্যাট। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুট আয়তনের এ ফ্ল্যাটটি তিনি বিক্রি করেছেন ৫ কোটি ৩৫ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। চলতি জুলাই মাসেই ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এটি বিক্রি করলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ পায়নি।
সালমান খান বর্তমানে বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এ বসবাস করেন, যা তার বিক্রি করা ফ্ল্যাট থেকে মাত্র ২.২ কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের অন্যতম অভিজাত ও ব্যয়বহুল আবাসিক এলাকা, যেখানে বলিউডের বহু তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা বসবাস করেন। এখানে বাস করেন শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান ও রেখার মতো তারকারা।
সালমান খানের সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে ৩০ মার্চ। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি এবং কার্যত মুখ থুবড়ে পড়ে।
বিগত কয়েক বছর ধরে সালমান খানের সিনেমা বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না। এর মধ্যে তার ফ্ল্যাট বিক্রির খবর ভক্তদের মনে নতুন করে হতাশার ছাপ ফেলেছে।



