উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান এবার কণ্ঠ দিলেন একটি বাংলা গানে। সাধারণত উর্দু ও হিন্দি গানের জন্য সুপরিচিত এই শিল্পী এবার গাইলেন ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের একটি বাংলা গান। গানটিতে রাহাতের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।
গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন রাজা কাশেফ। প্রযোজনায় রয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস), যারা বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমে।
জানা গেছে, গানটি রেকর্ড করা হয়েছে দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে, যেখানে একই সময়ে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।
এ বিষয়ে রুবাইয়াত বলেন, “লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি জানান, বাংলা গান তার খুব পছন্দ, এবং তিনি অনেকদিন ধরেই বাংলা গানে কণ্ঠ দেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন। সেই আগ্রহ থেকেই এই গানটি করা হয়েছে।”
গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই লন্ডনের মনোরম বিভিন্ন লোকেশনে। তবে গানটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের রয়েছে বিপুল ভক্তশ্রেণি। তার কাওয়ালি, সুফি ও হিন্দি চলচ্চিত্রের মেলোডি গান দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছে। এবার বাংলা গানেও তার কণ্ঠ পাওয়া যাবে—এটি নিঃসন্দেহে বাংলা সংগীতপ্রেমীদের জন্য এক আনন্দের সংবাদ।
উল্লেখযোগ্য যে, এটি রাহাত ফতেহ আলী খানের প্রথম বাংলা গান নয়। এর আগেও ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।



