বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, এবার ৮টি বিভাগে ৯ জন বরেণ্য সাহিত্যিক ও গবেষককে এই সম্মাননা প্রদান করা হবে। প্রস্তাবক কমিটির সুপারিশ এবং সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার অনুমোদন করে।
ঘোষিত তালিকা অনুযায়ী, কবিতা বিভাগে পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদে আলী আহমদ। গবেষণা বিভাগে যৌথভাবে সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞানে পুরস্কৃত হচ্ছেন ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় সম্মাননা পাচ্ছেন মঈদুল হাসান।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারেক রহমান। এই পুরস্কার বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।

