Bangladesh Center for Community Development Inc. (BCCDI)-এর বাংলা স্কুলে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর Bangladesh এবং United States-এর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ একত্রিত হয়ে একুশের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে ভাবনা ও শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা বর্ণমালা ও ফুল দিয়ে সজ্জিত স্কুল প্রাঙ্গণ দিনটির আবেগ ও চেতনার প্রতিফলন ঘটায়।
শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, বক্তৃতা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং ভাষা আন্দোলনের আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
প্রতিবেদক : ড. নজরুল ইসলাম

