জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন এবার গান করলেন দেশের গর্ব—বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। ‘মানবতার জয় হোক’ শিরোনামের এই ব্যতিক্রমী গানটি প্রকাশ পেয়েছে ৩১ অক্টোবর, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে। দেশের প্রতি ভালোবাসা, কর্তব্যবোধ ও মানবতার চেতনাকে ধারণ করে নির্মিত গানটি শ্রোতাদের মাঝে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন শফিক তুহিন নিজেই। সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রত্যয় খান। ভিডিও নির্মাণ করেছেন কীশোর নীল, যেখানে সেনাবাহিনীর মানবিক ও দেশরক্ষার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শফিক তুহিন জানান, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের প্রতীক। দেশের সংকটময় মুহূর্তে তারা মানবতার হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়ান। তাই তাদের নিয়ে গান করা আমার জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। আশা করি দেশপ্রেম ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে গানটি ভূমিকা রাখবে।”
দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধের অনুপ্রেরণামূলক বার্তা বহনকারী ‘মানবতার জয় হোক’ গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা-ভালোবাসা আরও গভীর করছে।



