বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। দলের অন্যতম প্রধান পেসার হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে ২০২৫ সালের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন। এই চোটের ফলে তার আসন্ন বাংলাদেশ সফরেও খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে খেলার সময় চোট পান রউফ। ম্যাচের পরে দলটির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, ‘তোমার পাশে আছি, হারিস। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস নিশ্চিত করছে যে হ্যামস্ট্রিং চোটের কারণে হারিস রউফ আর এমএলসি ২০২৫–এর বাকি অংশে খেলতে পারবে না।’ রউফের বদলি হিসেবে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে দলে নেওয়া হয়েছে।
চলতি এমএলসি আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন হারিস রউফ। আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি ছিলেন উইকেট তালিকার শীর্ষে। তার ইকোনমি রেট ছিল ৯.০৮, যা এই ফরম্যাটে মোটেও খারাপ নয়। তাই এই চোট পাকিস্তান দলের জন্য বড় একটি ধাক্কা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে রউফের চোটের ধরন বা পুনর্বাসনের সময়কাল সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি জুলাইয়ের বাংলাদেশ সফরে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, পাকিস্তান দল আগামী ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে এবং ২০ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ এবং ২৪ জুলাই। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দল।
হারিস রউফের অনুপস্থিতি নিঃসন্দেহে পাকিস্তানের বোলিং ইউনিটে বড় একটি শূন্যতা তৈরি করবে, বিশেষ করে বাংলাদেশের ঘরের মাঠে যেখানে তার গতি ও অভিজ্ঞতা কার্যকর হতে পারত। এখন দেখার বিষয়, পাকিস্তান দলে তার পরিবর্তে কে জায়গা পান এবং চোটের এই ধাক্কা দলটি কীভাবে সামলে ওঠে।



