সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫, যার পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। এ প্রতিযোগিতার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজে অংশ নিতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এর আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতি পর্ব শুরু করবে ৬ আগস্ট থেকে, মিরপুরে। এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর একদিনের বিরতির পর ২০ আগস্ট থেকে শুরু হবে সিলেট পর্বের প্রস্তুতি ক্যাম্প। এই সিরিজটি এশিয়া কাপকে সামনে রেখে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।



