ভারতীয় বাংলা সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বাংলাদেশে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান।
রিট আবেদনে বলা হয়েছে, রিপাবলিক বাংলা বাংলাদেশে সম্প্রচারিত হয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। তাই চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে চ্যানেলটি বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারিরও অনুরোধ জানানো হয়।
রিটে আরও অভিযোগ করা হয়, অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে রিপাবলিক বাংলা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এ অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
এই রিটে তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ মোট ৬ জনকে বিবাদী করা হয়েছে এবং তাদের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে।
রিপাবলিক বাংলা চ্যানেলটি ভারতের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন। এটি প্রায়ই যাচাইবিহীন, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে তাদের রাজনৈতিক প্রতিবেদনগুলো একপাক্ষিক এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ ওঠে। অনেক সময় তারা ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে কিংবা ইচ্ছাকৃতভাবে আংশিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। এছাড়া, চ্যানেলটির বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগও রয়েছে।



