বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে সমন্বিতভাবে এগিয়ে নিতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্সের সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএম আমিনুর রহমান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) টিপু আরবিদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমানের ওপর নির্ভর করে বিজ্ঞাপন পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময়ের অপচয় হয়। ডিএসেলসের তথ্য ও সেলস ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে তৈরি অ্যাডজোইক সঠিক তথ্য ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে ব্র্যান্ডগুলোকে পৌঁছাতে সহায়তা করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রযুক্তিগত দিক ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিটিও টিপু আরবিদ। তাঁর ভাষ্য অনুযায়ী, অ্যাডজোইক সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন ব্যবস্থাপনার কোনো টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে পারে। এরপর ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে বিজ্ঞাপনের জন্য দর নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে জয়ন্ত চ্যাটার্জী, কেএম আমিনুর রহমান ও টিপু আরবিদ অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ বক্তব্য দেন কেএম আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশক ও ব্র্যান্ডগুলোকে এআইভিত্তিক এই নতুন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের অধীনে অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম দুটি ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি সমন্বিত ড্যাশবোর্ডে যুক্ত করেছে। এশিয়ার ডিজিটাল ব্যবসায় এই সমন্বিত ব্যবস্থা কাজে লাগানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।



