আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই একটি স্থায়ী স্কোয়াড নিয়ে কাজ করা হচ্ছে, এবং একই খেলোয়াড়রাই টানা দলকে প্রতিনিধিত্ব করে আসছেন। বিপিএলেও এই ক্রিকেটারদের পারফরম্যান্স নজরে রাখা হবে; তবে শেষপর্যন্ত জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান লিটন।
বাংলাদেশ কঠিন এক গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে থাকছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে নেপাল ও ইতালি। টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন ও সাইফ হাসানের জায়গা প্রায় নিশ্চিত। একইভাবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলির অবস্থানও স্থিতিশীল। উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহান বা মাহিদুল ইসলাম অঙ্কন—যেকোনো একজনকে বিবেচনা করা হতে পারে। মধ্য ও নিম্নমধ্যক্রমে শামীম হোসেন পাটোয়ারীকে মারকুটে ব্যাটার হিসেবে রাখা হতে পারে, আর অলরাউন্ডার সাইফউদ্দিনও আছেন নির্বাচকের ভাবনায়।
স্পিন বিভাগে শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে ঘিরে পরিকল্পনা করা হতে পারে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। স্কোয়াডে শরিফুল ইসলাম বা সাইফউদ্দিন—যেকোনো একজনকে অতিরিক্ত পেসার হিসেবে রাখা হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।



