পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আগামী বছর বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজটি দুই ভাগে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাহিম জানান, পিএসএলের কারণে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ, তাই সেটিকে দুই পর্বে ভাগ করে আয়োজন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একসঙ্গে আলোচনা করছে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে এসে পাকিস্তান দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে কোন ফরম্যাট আগে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
ফাহিম জানান, ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সফরের প্রথম পর্বে সাদা বলের ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা বেশি। এরপর পিএসএল শেষ হলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হতে পারে।
এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানান ফাহিম। মূল টুর্নামেন্টের আগে টাইগাররা নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ দল ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে।



