শান্তা হোল্ডিংসের ‘শান্তা পিনাকল’ প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর সফলভাবে সমাপ্ত হয়েছে, যা দেশের ভবন উন্নয়নে এক যুগান্তকারী সংযোজন। দেশের প্রথম সম্পূর্ণ নির্মিত ৪০তলা ভবন ‘শান্তা পিনাকল’-এর ৪০তম তলায় শনিবার (১৮ এপ্রিল) এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রায় ৫০০ ফুট উচ্চতার আন্তর্জাতিক মানের এই ভবনটি দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমির মালিক, গ্রাহক ও স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।
‘পিনাকল’ প্রকল্পটি টেকসই উন্নয়নে নতুন উদাহরণ স্থাপন করেছে। এটি লিড প্লাটিনাম স্বীকৃত, যা বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ মান। এনএফপিএ’র আধুনিক অগ্নি-নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত ভবনটির কাঠামোগত নকশায় মেইনহারড সিঙ্গাপুরের সহায়তায় ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করা হয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মাত্র ৭ দিনে স্ল্যাব সম্পন্ন করার রেকর্ড গড়ে দ্রুততম সিভিল নির্মাণের উদাহরণ স্থাপন করা হয়েছে। ৬.৮ সিওপি ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউগাল চিলার শূন্য ওজোন-ক্ষয়কারী রেফ্রিজারেন্ট ব্যবহার করে জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব। এমইআরভি ১৩ মানসম্পন্ন বায়ু পরিশোধন ব্যবস্থা, উইন্ড টানেল টেস্টিং, ৪২ মিমি ইউনিটাইজড গ্লেজিং, ৮টি হাই-স্পিড লিফট ও সমন্বিত আইবিএমএস সিস্টেম ভবনের আধুনিকতা ও মজবুতি বাড়িয়েছে। এই প্রকল্পের সফল সমাপ্তি শান্তা হোল্ডিংসের মানসম্পন্ন নির্মাণ ও নিখুঁত বাস্তবায়নের অঙ্গীকারের প্রতিফলন।



