বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন শুল্ক হার ঘোষণা করা হয়, যেখানে বাংলাদেশ থেকে আমদানি পণ্যে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা পরে ৯ এপ্রিল থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়। আলোচনার সুযোগ দিতে দেওয়া সেই সময়সীমা শেষ হয় ৩১ জুলাই। এই সময়ের মধ্যেই বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে। আলোচনা শেষে উভয়পক্ষ যৌথভাবে নতুন শুল্ক হার ঘোষণা করে।
ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, শুধু বাংলাদেশ নয়, আরও কয়েক ডজন দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের নাম উল্লেখযোগ্য। দেশগুলোর ওপর আরোপিত শুল্ক হার ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তিন দিনের আলোচনার পর মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের (USTR) সঙ্গে একমত হয়ে তারা নতুন হার চূড়ান্ত করেন।
ফলে এখন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে গড় ১৫ শতাংশ সাধারণ শুল্ক এবং ২০ শতাংশ পাল্টা শুল্ক—মোট ৩৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে।



