জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে জার্মানি। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নতুন ডিজিটাল ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকবে। অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।
তবে নতুন ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যাঁরা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। এতে পুরোনো আবেদনকারীদের সাময়িক অসুবিধা হলেও আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করছে দূতাবাস।
দূতাবাসের মতে, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন ব্যবস্থার মূল লক্ষ্য আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সময়সাশ্রয়ী ও কার্যকর করা। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ভিসার আবেদন জমা দিতে পারবেন। আবেদনসংক্রান্ত নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মানির ডিজিটাল কনস্যুলার পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/



